দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি হয়েছে। একই সময়ে সারা দেশে আরও ১ হাজার ৩৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে এবং ৬৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) মারা যাওয়া ৪ জনের মধ্যে তিনজনই ঢাকা বিভাগের, বাকি একজন ময়মনসিংহ বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য হিসেবে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৮৪ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন। সবমিলিয়ে চলতি বছরের এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৮৩ শিশু মারা গেল।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ১৮৪ জন এবং নিশ্চিত শনাক্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৪৪৭। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪০ হাজার ৪৭২ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৩৫ হাজার ৪১৭ শিশু।



