বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা ৪ দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা দিয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।
ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, রিতুল মন্ডল স্নিগ্ধ, অর্পণ দত্ত, মেহেরুপ হোসেন পৃথিবী ও আহসান জারিফ।
ইন্টার্ন চিকিৎসকরা জানান, মঙ্গলবার রাতে হাসপাতালে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে মামলা দৃশ্যমান না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন।
তারা দাবি করেন, মঙ্গলবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী মারা যাওয়ার পর তার স্বজনরা ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা করে। মারা যাওয়া অ্যাজমা রোগিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার শ্বাসকষ্টসহ শারীরিক অবস্থা ছিল আশঙ্কাজনক। চিকিৎসকরা তাকে বাঁচাতে যথাসাধ্য চেষ্টা করেন। রাত ১০টার দিকে রোগী মারা যাওয়ার পর স্বজনরা হামলা চালান।
ইন্টার্ন চিকিৎসকরা অভিযোগ করেন, এ ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জনের আঘাত গুরুতর।
এর আগে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে বগুড়া শজিমেক হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের মারামারির ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের প্রায় ১৫ জন আহত হন।



