স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০৭ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের শুধু আগস্ট মাসেই সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু ছিল।
বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা বিভাগে ১৯০ জন। এরপর চট্টগ্রামে ১৭৫ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ১৭১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৪, বরিশালে ১১০, রাজশাহীতে ৯১, ময়মনসিংহে ৬৫, রংপুরে ৩২ ও সিলেটে ৭ জন ভর্তি হয়েছেন।
মারা যাওয়া ৫ জনের মধ্যে দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার, ২ জন ময়মনসিংহ বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকার এবং একজন বরিশাল বিভাগের সিটি করপোরেশনের বাইরের বাসিন্দা।
বয়সভিত্তিক তথ্যে তরুণদের আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি।



