Friday, September 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাভারে শিশু ছাত্রকে ধর্ষণ মামলার এক আসামি গ্রেপ্তার

পুলিশ জানায়, বরিশালের বেতাগী থেকে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পিএম

ঢাকার সাভারে মাদ্রাসার শিশু ছাত্রকে ১০ ছাত্র ও শিক্ষকের ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে বরিশালের বেতাগী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সামরুল হাসান।

তিনি বলেন, “মামলার ১০ আসামির মধ্যে দুই নম্বর আসামিকে বরিশালের বেতাগী থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় তার বয়স ২২ বছর উল্লেখ করা হলেও প্রকৃতপক্ষে তিনি একজন কিশোর। তার বয়স ১৩ থেকে ১৪ বছর হবে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে।”

বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের দুটি দল কাজ করছে বলেও জানান তদন্ত কর্মকর্তা।

এর আগে, শিশুটিকে ছয় মাস ধরে বিভিন্ন সময়ে ধর্ষণ করা হয়েছে, এমন অভিযোগ এনে গত ২৬ আগস্ট আদালতের নির্দেশে সাভার মডেল থানায় মামলা করেন শিশুটির বাবা।

সাভারের পূর্ব শাহবাগ এলাকায় অবস্থিত মারকাযুল উলুম আশ-শরইয়্যাহ মাদ্রাসার ছয় শিক্ষার্থী ও চার শিক্ষকের বিরুদ্ধে মামলাটি করা হয়।

মামলায় পাঁচ শিক্ষার্থী ও এক শিক্ষকের বিরুদ্ধে সরাসরি ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। অন্য চারজনের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতা, অভিযুক্তদের পালিয়ে যেতে সহায়তা এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছে।

   

About

Popular Links

x