Tuesday, October 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন শুরু ১ নভেম্বর

আগ্রহী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের চারটি ধাপে আবেদন করতে হবে

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পিএম

আগামী ১ নভেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তনে অংশ নেওয়ার জন্য অনলাইনে আবেদন শুরু হতে যাচ্ছে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাবর্তনে অংশ নিতে আগ্রহী গ্র্যাজুয়েটদের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনবিষয়ক ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনপ্রক্রিয়া চারটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপ শেষ করতে হবে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে। অনলাইনে টাকা জমা দেওয়ার শেষ সময় ২ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট।

আগামী ২৬ জানুয়ারি,২০২৭ সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।  

সমাবর্তনে বক্তা হিসেবে থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি। তাকে সম্মানসূচক ডক্টর অব ল’জ ডিগ্রি দেওয়া হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের একটি ট্রাস্টফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রি দেওয়া হবে। একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ডিগ্রি অর্জনকারী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তরা এ সমাবর্তনে অংশ নিতে পারবেন।

এছাড়া, ২০২২ সালের ১৪ অক্টোবর থেকে ১৮ নভেম্বরের মধ্যে প্রকাশিত যেসব পরীক্ষার ফলাফল ৫৩তম সমাবর্তনে অন্তর্ভুক্ত করা যায়নি, সেগুলোও এবার অন্তর্ভুক্ত করা হবে। সংশ্লিষ্ট গ্র্যাজুয়েটরাও ৫৪তম সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

সমাবর্তন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), কোষাধ্যক্ষ, সিনেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক ও বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

৫৪তম সমাবর্তন আয়োজনের জন্য একটি নির্বাহী কমিটি, একটি ব্যবস্থাপনা কমিটি ও একাধিক উপকমিটি গঠন করা হয়েছে। সমাবর্তন সফল করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন উপাচার্য।

পাশাপাশি শিক্ষার পরিবেশ বজায় রাখা, শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম বাড়াতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

   

About

Popular Links

x