Tuesday, October 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাবি শিক্ষকপুত্রের প্রাইভেট কারের ধাক্কায় ৬ শিক্ষার্থী আহত

আহতদের ঢামেক হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে প্রাইভেট কারের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ছয় শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার সময় গাড়ি চালাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাদমান সাকিব। তার বাবা অধ্যাপক শহীদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আলী মোহাম্মদ কাওসার বলেন, “ওই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের এক শিক্ষকের ছেলে। তাকে শাহবাগ থানায় দিয়ে আসা হয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করার প্রক্রিয়া চলছে।”

এর আগে দুর্ঘটনার বিষয়ে সাদমান সাকিব বলেন, বাবার গাড়ি নিয়ে ‘টেস্ট ড্রাইভ’ করতে গিয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে দুর্ঘটনার মুখে পড়েন তিনি। তার ভাষ্য, ব্রেক চাপতে গিয়ে ভুল করে অ্যাক্সিলারেটরে চাপ দিয়ে ফেলেন।

এ বিষয়ে জানতে সাকিবের বাবা অধ্যাপক শহীদুল ইসলামকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় কয়েকজন শিক্ষার্থী হেঁটে যাচ্ছিলেন এবং ব্যবসায় শিক্ষা অনুষদের গেটের সামনে কয়েকজন দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা গাড়িটি প্রথমে এক শিক্ষার্থীকে সজোরে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে ধাক্কা দিলে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

আহত ছয় শিক্ষার্থী হলেন জাহিদুল ইসলাম হৃদয়, কানিজ ফাতেমা, তাসনিয়া বেগম, মিফতাহুল, তাসফিয়া তাবাসসুম ও সিদরাতুল।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা সাদমান সাকিবকে মারধর করেন এবং গাড়িটি ভাঙচুর করেন। পরে তাকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

প্রক্টর অফিসে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করার সিদ্ধান্ত নেয়।

   

About

Popular Links

x