Sunday, September 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ

প্রাথমিকের স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ জন  শিক্ষার্থীর অসুস্থ হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (৬  সেপ্টেম্বর) বেলা ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে অসুস্থ অবস্থায় তাদের চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মো. হাসিবুস সাত্তার ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ৯ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো—চতুর্থ শ্রেণির মাহমুদা (১২), বিউটি (১২), শারমিন (১০), সুমাইয়া (১০), সাইন (১২) ও মাহফুজ (১০)। এছাড়া তৃতীয় শ্রেণির তায়েবা খাতুন (১১) ও শারিহা আক্তার শান্তি (১০) এবং পঞ্চম শ্রেণির জয়নব জারিফ (১২)।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, “অন্যান্য দিনের মতো রবিবারও শিক্ষার্থীদের স্কুল ফিডিং প্রকল্পের আওতায় সরবরাহ করা ডিম ও বন রুটি দেওয়া হয়। খাবার খাওয়ার কিছুক্ষণ পর থেকে একে একে শিক্ষার্থীরা অসুস্থ হতে থাকে। বেশি অসুস্থবোধ করায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া যায়।”

হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মো. হাসিবুস সাত্তার বলেন, “শিক্ষার্থীদের ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সবারই পেটে ব্যাথাসহ খাদ্যে বিষক্রিয়ার বিভিন্ন লক্ষণ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবার খেয়েই তারা অসুস্থ হয়েছে। হাসপাতালে ভর্তি শিশুরা আশঙ্কামুক্ত হলেও তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

এদিকে, খাবারের মান প্রশ্ন তুলে অসুস্থ এক শিক্ষার্থীর বাবা জহুরুল ইসলাম বলেন, “সরকারি শিক্ষার্থীদের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে বিদ্যালয়ের খাবার সরবরাহ করছে। কিন্তু খাবার মান যাচাইয়ে আরও ভালো পদ্ধতি অনুসরণ করা উচিত। নিম্নমানের খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হচ্ছে, এতে সরকারের আসল উদ্দেশ্যই ব্যহত হতে পারে।” 

প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার সরবরাহ করে বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)। শিক্ষার্থী অসুস্থ হওয়ার বিষয়ে কথার বলার গাক’র জেলা সমন্বয়কারী কবির হোসেনকে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এর আগেও চাঁপাইনবাবগঞ্জের চারটি বিদ্যালয়ের গাক’র দেওয়া খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ্য হওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

   

About

Popular Links

x