কুমিল্লার দাউদকান্দিতে শেরে বাংলা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বহন করা একটি ভ্রমণ বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শেরে বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বার্ষিক ভ্রমণে ওই বাসে করে বরিশাল থেকে কক্সবাজারে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর শিক্ষার্থীরা ভ্রমণ বাতিল করে ফেরত যান।
আহতরা সবাই শেরে বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী। আহতরা হলেন- যাওয়াদ, ফেরদৌস, কৌশি, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা। তাদের মধ্যে ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার সংবাদমাধ্যমকে বলেন, “আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করি। দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৪০ জন শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে আহত হন ২০ জন। ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”



