Wednesday, September 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘প্রাথমিকের নতুন কারিকুলামে শ্রবণ ও কথন দক্ষতা গুরুত্ব পাবে’

বুধবার (৯ সেপ্টেম্বর) এ কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, প্রাথমিক শিক্ষার নতুন কারিকুলামে শিক্ষার্থীদের ইংরেজিসহ ভাষা শেখার ক্ষেত্রে শ্রবণ (লিসেনিং) ও কথন (স্পিকিং) দক্ষতাকে সুনির্দিষ্টভাবে অন্তর্ভুক্ত করা হবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকার পিটিআইতে আয়োজিত ‘বাংলাদেশ টিএমটিই (ট্রেনিং অব মাস্টার ট্রেনার্স ইন ইংলিশ) সদস্য সম্মেলন ২০২৬'-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “শুধু পড়া ও লেখার দক্ষতা নয়, শুনে বোঝা, সঠিকভাবে কথা বলা এবং নিজের ভাবনা প্রকাশের সক্ষমতা গড়ে তুলতে কারিকুলামে প্রয়োজনীয় অনুশীলন ও কার্যক্রম রাখা হবে।”

ভাষা শিক্ষার চারটি মৌলিক দক্ষতায়-শুনে বোঝা, বলে প্রকাশ করা, পড়ে বোঝা এবং লিখে প্রকাশ করা-সমানভাবে গুরুত্ব দিতে হবে বলেও জানান তিনি। তবে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের 'শুনে বোঝার' দক্ষতা তৈরির ওপর জোর দেন তিনি।

বিজ্ঞানী, চিকিৎসক বা প্রকৌশলী হওয়ার জন্য নিজ নিজ বিষয়ে দক্ষতার পাশাপাশি ভাষাগত দক্ষতাও প্রয়োজন জানিয়ে তিনি বলেন,“ইংরেজি ভাষায় বিপুল বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত জ্ঞান সংরক্ষিত রয়েছে। শিক্ষার্থীদের সেই বিশ্বজ্ঞান গ্রহণের সুযোগ তৈরি করতে হবে।”

শুধু সাক্ষরতার হার বাড়ালেই শিক্ষিত সমাজ তৈরি হয় না জানিয়ে তিনি বলেন, “শিক্ষাব্যবস্থা এমন হওয়া প্রয়োজন, যেখানে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের পাশাপাশি তা প্রয়োগ করতে এবং বিশ্বজ্ঞান থেকে প্রয়োজনীয় তথ্য গ্রহণ করতে পারবে।”

তিনি আরও বলেন, “প্রাথমিক শিক্ষায় শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষাদান যথেষ্ট নয়। ভিডিও, ওয়ার্কবুক, ডিজিটাল কনটেন্ট, খেলা ও অন্যান্য আধুনিক শিক্ষণ-উপকরণ কীভাবে কার্যকরভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে শিক্ষকদের সুনির্দিষ্ট প্রস্তাব দিতে হবে।”

সরকার পরিবর্তন চায়। তবে সেই পরিবর্তন হতে হবে সুনির্দিষ্ট, বাস্তবভিত্তিক ও ফলাফলনির্ভর বলেও জানান তিনি।

   

About

Popular Links

x