Wednesday, September 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীতে ২ নারীর ঝগড়া, প্রাণ গেলো স্বামীর

মঙ্গলবার সায়েদাবাদ বাস টার্মিনালে বাস মালিক সমিতির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম

রাজধানীর সায়েদাবাদে দুই নারীর ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারিতে ফকির আলমগীর (৪৬) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি পেশায় বাসের হেল্পার ছিলেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনালে বাস মালিক সমিতির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

নিহতের পরিবারের অভিযোগ, শুক্কুর আলী নামের এক যুবকের ঘুষির আঘাতে আলমগীর রাস্তায় পড়ে যান। পরে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে রবিউল আওয়াল জানান, তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জে। বর্তমানে তারা সায়েদাবাদের করাতিটোলা এলাকায় থাকেন। তার বাবা বাসের হেল্পার হিসেবে কাজ করার পাশাপাশি ভ্যানে করে শরবত বিক্রি করতেন। আর মা বাস মালিক সমিতির কার্যালয়ের সামনে খিচুড়ি বিক্রি করেন।

তিনি আরও জানান, এদিন সকালে সমিতির কার্যালয়ের সামনে এক নারীর সঙ্গে তার মার তর্কাতর্কি শুরু হয়। পাশে তিনি ও তার বাবাও ছিলেন। এক পর্যায়ে ওই নারীর ছেলে শুক্কুর আলী এসে তার বাবার সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় শুক্কুর তার বাবার বুকে এলোপাতাড়ি ঘুষি মারলে তিনি রাস্তায় পড়ে যান। এতে রাস্তায় থাকা ভাঙা ইটের একটি অংশ মাথায় লেগে গুরুতর আহত হন তিনি। পরে তাকে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) অন্তু দে প্রেম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খিচুড়ি বিক্রেতা ও পান বিক্রেতার মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে মারামারি হয়। এ সময় রাস্তায় পড়ে ওই ব্যক্তি মারা যান বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও জানান, ঘটনাটি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

   

About

Popular Links

x