জামালপুরে এক নারীকে ধর্ষণের দায়ে আসলাম হোসেন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৪ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুল রহিম এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত আসামি আসলাম হোসেন (৩৩) জামালপুরের বকশীগঞ্জ উপজেলার জানকিপুর সলই মন্ডলপাড়া এলাকার বাসিন্দা।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুল হক পিপি জানান, আসলাম হোসেন ভুক্তভোগী নারীকে বিভিন্ন সময় নানাভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। পরে মেয়ের নিরাপত্তার কথা ভেবে তার বাবা-মা তাকে অন্যত্র বিয়ে দিয়ে দেন। ওই নারী স্বামীর সংসার করাকালে আসামি ওই মেয়ের স্বামীর কাছে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তার সংসারে অশান্তির সৃষ্টি করেন। পরে ২০২৩ সালের ১০ জুলাই ওই নারীর সঙ্গে তার স্বামীর তালাক হয়ে যায়। তারপর থেকে ওই নারী বাবার বাড়িতে থাকতেন।
২০২৩ সালের ২০ জুলাই রাত ৩টার দিকে আসামি ওই নারীর ঘরে কৌশলে ঢুকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে স্থানীয়রা আসলাম হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে। ঘটনার দুই দিন পর ২২ জুলাই ভুক্তভোগী নারীর বাবা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে আসামির উপস্থিতিতে বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৪ লক্ষ টাকা অর্থদণ্ডের আদেশ দেন। এই অর্থদণ্ডের টাকা ভিকটিম পাবেন।
মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট বাকী বিল্লাহ।



