Saturday, September 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩২

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিষয়টি নিশ্চিত করেন

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিলে সরাসরি অংশ নেওয়া ও ককটেল বিস্ফোরণের অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এ ঘটনায় গত শুক্রবারই ১১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৮০ থেকে ১০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-৩ নম্বর সড়কের কেএফসি গলিতে ১৫০ থেকে ২০০ জন সদস্য জড়ো হয়ে মিছিল বের করেন। পুলিশ খবর পেয়ে নিকেতন এলাকায় দায়িত্বরত এক উপপরিদর্শক ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা ঘটনাস্থলে পাঁচটি তাজা ককটেল ফেলে পালিয়ে যায়।

মিছিলটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী হয় বলে জানান গুলশান থানার ওসি মো. দাউদ হোসেন। পুলিশ ঘটনাস্থল থেকে মো. আরাফাত (২০) ও আ. রহিম (৪৯) নামের দুইজনকে আটক করে।

গুলশানের মতো গুরুত্বপূর্ণ স্থানে ঝটিকা মিছিলের পেছনে গোয়েন্দা তথ্যের ঘাটতি বা কারো ব্যর্থতা ছিল কি না, তা তদন্ত করে দেখা হবে বলে নিশ্চিত করেছে পুলিশ। বর্তমানে গুলশান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

   

About

Popular Links

x