আগামী ১৭ সেপ্টেম্বর ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় প্রধানমন্ত্রীর নির্ধারিত সফর স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণে স্থগিত হওয়া এই সফরের সম্ভাব্য নতুন তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ১ অক্টোবর।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সফরের বিষয়টি নিশ্চিত করেন ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।
জেলা প্রশাসক জানান, আজ সকালে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ১৭ সেপ্টেম্বরের নির্ধারিত কর্মসূচি স্থগিতের বিষয়ে জেলা প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। পরবর্তীতে আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রী সফরটি হতে পারে বলে জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু জানান, অনিবার্য কারণবশত ১৭ সেপ্টেম্বরের কর্মসূচি পিছিয়ে ১ অক্টোবরে নির্ধারণ করা হয়েছে।
পূর্বে নির্ধারিত সূচি অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর ফেনী সফরে এসে পানিসম্পদ মন্ত্রণালয়ের ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে অনুমোদিত মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের শুভ উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রীর। এ জন্য পরশুরাম-সুবার বাজার সড়কের মুহুরী নদীর তীরে উদ্বোধনী ফলক ও পথসভাস্থল তৈরির প্রস্তুতি তড়িঘড়ি করে চলছিল।
পাশাপাশি ফুলগাজীতে ফ্যামিলি কার্ড বিতরণ, স্থানীয় ইমাম ও পুরোহিতদের ভাতা প্রদান, কৃষক কার্ড হস্তান্তর এবং ২৪৯ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপনসহ একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কর্মসূচির শুভ সূচনার প্রস্তুতি নেওয়া হয়েছিল। ১ অক্টোবরের নতুন তারিখকে কেন্দ্র করে স্থগিত প্রকল্প ও উদ্বোধনী আয়োজনসমূহ পুনর্নির্ধারণ করা হচ্ছে।



