সকালে নাস্তা, দুপুরের খাবার কিংবা রাতের খাবার, সবসময় ভারতের বিষয়টি মুখ্য না করে দেশের অভ্যন্তরীণ বিষয়ে বেশি মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে দুই দেশের সীমান্ত পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় চুক্তি পর্যালোচনা নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেছেন তিনি।
রবিবার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন।
ভারতে একের পর এক সফরের প্রেক্ষাপট ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আক্ষেপ প্রকাশ করে বলেন, “দৈনিক ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট খাইতেই ইন্ডিয়া, লাঞ্চ খাইতেই ইন্ডিয়া, ডিনার খাইতেই ইন্ডিয়া, তাহলে ভাই আপনার নিজের দেশের খাবার কোন সময় খাবেন? খালি যদি ইন্ডিয়া ইন্ডিয়া করেন! নিজের দেশের চিন্তা করেন।”
ভারতের সঙ্গে যৌথ ১০১টি চুক্তির বিদ্যমান স্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বিষয়গুলো গভীরভাবে যাচাই-বাছাই করা হচ্ছে এবং জাতীয় সংসদীয় কমিটিতে তা পর্যালোচনার অধীনে রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য তিনি চিফ হুইপের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
একই সময়ে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের ওপর হত্যাকাণ্ড ও ধরে নিয়ে যাওয়ার ঘটনাগুলো সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সীমান্ত ও নিরাপত্তা সংক্রান্ত আন্তর্জাতিক আইন এবং সীমান্ত প্রটোকল বজায় রাখা দুই দেশেরই দায়িত্ব। ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান কাঠামোগত চুক্তির আওতায় এই উদ্বেগগুলো সব কূটনৈতিক পর্যায়ে জোরালোভাবে তুলে ধরা হবে।
এদিকে, আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি চূড়ান্ত করা হচ্ছে বলে জানান তিনি। সেখানে সাইডলাইন বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, বহুপক্ষীয় সম্মেলনে কর্মসূচিতে শেষ মুহূর্ত পর্যন্ত নানা পরিবর্তন আসে। যেসব দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক চূড়ান্ত হবে, তা সময়মতো সংবাদমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।



