ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় স্পিডবোট ও বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালিয়া নদীতে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় গ্রামের মো. দয়াল মিয়া ও কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বরারচর গ্রামের সজীব মিয়া।
এদের মরদেহ নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। দুর্ঘটনায় আহত অপরজনও ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহত ও আহতরা স্প্রিডবোটের যাত্রী।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী পৌঁছে দিয়ে স্পিডবোটটি হাওরাঞ্চল চাতলপাড় ফিরে যাচ্ছিলো। এসময় ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালিয়া নদীতে বিপরীত দিক থেকে আসা একটি স্টিলের বাল্কহেডের সঙ্গে স্পিডবোটটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্পিডবোটে থাকা তিনজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দয়াল মিয়া ও সজীব মিয়া নামের দুজনকে মৃত ঘোষণা করেন।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত অপর ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে ছুটে যায়। দুর্ঘটনার ব্যাপারে বিস্তারিত খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।



