জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট বিভিন্ন দাবিতে ধারাবাহিক লংমার্চ কর্মসূচি পালন করছে। এসব দাবি যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান জানান, “এর আগে চট্টগ্রামের লংমার্চ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে অনেকের মাথা গরম হয়ে গেছে। গত দুই দিন ধরে রাজধানীতে আমরা মাথা গরমের কিছু লক্ষণ দেখতে পাচ্ছি। আমরা অনুরোধ করব, হতাশ হয়ে মাথা গরম করবেন না।”
জনগণের দাবি মেনে নেওয়ার চেষ্টা করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
জামায়াতের আমির বলেন, “বর্তমানে ৮ দফা দাবি রয়েছে। সময়ের সঙ্গে তা ৯ বা ১০ দফায় যেতে পারে। আবার জাতির প্রয়োজনে যেকোনো সময় ৮ দফা এক দফায় পরিণত হতে পারে।”
এমন পরিস্থিতি তৈরি হলে তা ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেন তিনি। তার ভাষ্য, সেই পরিস্থিতির আগে সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নিয়ে জনগণের দাবি মেনে নেওয়া উচিত।
দাবি না মানলে কোনো ধরনের হুমকিতে কাজ হবে না বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। তিনি বলেন, “১১ দল ১৮ কোটি মানুষের দাবি নিয়ে মাঠে নেমেছে এবং দাবি আদায় করেই ঘরে ফিরবে।”
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট দূর করা, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ঠেকানো, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন - এসব দাবিতে লংমার্চ করছে ১১ দলীয় জোট।



