Sunday, September 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাদ পড়া ৩৪ লাখ শিশুর হাম-রুবেলা টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর

এ পর্যন্ত প্রায় ১ কোটি ৯৮ লাখ ৩০ হাজার শিশু টিকা পেয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম

আগামী ২৬ সেপ্টেম্বর থেকে হাম-রুবেলা টিকাদান কার্যক্রমে বাদ পড়া শিশুদের খুঁজে টিকার আওতায় আনতে মাসব্যাপী ক্যাস্পেইন শুরু করতে যাচ্ছে সরকার। এ কার্যক্রম আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। এ ক্যাম্পেইনের আওতায় ৩৪ লাখ শিশুকে টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হামের বিশেষ ক্যাম্পেইন উপলক্ষ্যে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানান। 

মন্ত্রী বলেন, ‘‘এ কার্যক্রমের আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী যেসব শিশু চলমান হাম-রুবেলা ক্যাম্পেইনে টিকা পায়নি বা বাদ পড়েছে, তাদের খুঁজে বের করে টিকা দেওয়া হবে। পাশাপাশি এ সময়ে ৬ মাস বয়সে পৌঁছানো এবং ক্যাম্পেইনের টিকা গ্রহণের উপযুক্ত নতুন শিশুদেরও টিকার আওতায় আনা হবে।’’ 

তিনি আরও বলেন, ‘‘চলতি বছর দেশে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর সংক্রমণ নিয়ন্ত্রণ ও শিশুদের সুরক্ষায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। গত এপ্রিল থেকে পর্যায়ক্রমে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়। এ পর্যন্ত প্রায় ১ কোটি ৯৮ লাখ ৩০ হাজার শিশু টিকা পেয়েছে।’’ 

পাশাপাশি নিয়মিত টিকাদান কার্যক্রম জোরদার, রোগ নজরদারি বৃদ্ধি এবং হাম আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। 

মন্ত্রী জানান, মাঠপর্যায়ের সাম্প্রতিক তথ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ইউনিসেফ পরিচালিত র‍্যাপিড কনভেনিয়েন্স মনিটরিং এবং হাম আক্রান্ত শিশুদের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, কিছু শিশু এখনো হাম-রুবেলা টিকার আওতার বাইরে রয়েছে। 

তিনি আরও জানান, আগামী ২৬ তারিখ সকাল ১০টা থেকে সারা দেশব্যাপী এ কর্মসূচি চলবে। জেলা প্রশাসক, সব সিভিল সার্জন , ডিরেক্টর, ইউএসএফপিও, ইউএনও সবাই সম্পৃক্ত থাকবে এ কার্যক্রমে। 

   

About

Popular Links

x