বাস ও ট্রেনে অগ্নিসংযোগ এবং ককটেল হামলার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ আয়োজিত এক আলোচনায় রাশেদ খাঁন এ দাবি তোলেন।
এসময় রাশেদ খাঁন তার বক্তব্যে বিরোধী দলগুলোর ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন। দেশে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ ভূমিকা পালন করছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, ‘‘সাত মাসের একটি সরকারের বিরুদ্ধে লংমার্চের নামে পিকনিক স্টাইলে ছবি ও ভিডিও বানিয়ে ফেসবুকে দেওয়া হচ্ছে। একদিকে জামায়াত ও এনসিপি লংমার্চের কর্মসূচি দিচ্ছে, অন্যদিকে মাঠে নেমে অরাজকতা তৈরি করছে আওয়ামী লীগ।’’
সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি মন্তব্যের দিকে ইঙ্গিত করে রাশেদ খাঁন বলেন, ‘‘নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেছেন তাদের দাবি মানলে ককটেল আর ফুটবে না। তিনি যে কথা বলেছেন, তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই এর সত্যতা বেরিয়ে আসবে যে, কারা এই ককটেল বিস্ফোরণ ও (বাস-ট্রেনে) অগ্নিসংযোগের কাজের সঙ্গে জড়িত।’’
এর আগে, সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির মিছিল শেষে রাজধানীর নেভিগলি এলাকায় বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
এসময় পাটওয়ারী জানান, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ তিনটি সুনির্দিষ্ট দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা রাজপথে রয়েছেন।
ককটেল বিস্ফোরণ সংক্রান্ত মন্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘‘সরকার আমাদের প্রধান তিনটি দাবি মেনে নিলে ঢাকা শহরে আর কোনো ধরনের ককটেল বিস্ফোরণ ঘটবে না।’’
তিনি আরও স্পষ্ট করেন, ‘‘এসব দাবি বাস্তবায়িত হলে রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগের সব ধরনের সুযোগ ও অপতৎপরতা বন্ধ হয়ে যাবে। ফলে তাদের কর্মী-সমর্থকদের পক্ষে রাজধানীতে নাশকতা বা ককটেল বিস্ফোরণ ঘটানোর কোনো সুযোগ থাকবে না।’’



