রংপুর নগরীতে খামার এলাকায় নেসকোর প্রধান প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে অবস্থান ও বিক্ষোভ করেছেন সাধারণ বিদ্যুৎ গ্রাহকরা।
বিদ্যুতের প্রিপেইড মিটার অপসারণ করে পূর্বের ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপন এবং নতুন আবেদনকারীদের আগের মিটার সরবরাহ করার দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রংপুর বিদ্যুৎ গ্রাহক ফোরামের উদ্যোগে আয়োজিত বিক্ষোভে শত শত বিদ্যুৎ গ্রাহক অংশ নেন।
এর আগে, ১২টার দিকে নগরীর শাপলা চত্বর এলাকা থেকে শত শত বিদ্যুৎ গ্রাহক বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর লালবাগ খামার এলাকায় অবস্থিত নেসকোর প্রধান প্রকৌশলীর কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় পুলিশ সেখানে অবস্থান নেয়।
সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিদ্যুৎ গ্রাহক ফোরামের উপদেষ্টা মির্জা বাবর বাবুল, সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু, বিদ্যুৎ গ্রাহক নাজনীন বেগম, শাহানারা খাতুন, শফিকুল ইসলাম, রাজা মিয়া প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, আগে যে লাইট, ফ্যান, চুলা ছিল এখনও তাই আছে। আমার বিদ্যুতের ব্যবহার বাড়েনি কিন্তু প্রিপেইড মিটার লাগানোর পর খরচ বেড়েছে তিনগুন। এই মিটার আমরা চাই না। নেসকো জোর করেই জনগণের ইচ্ছার বিরুদ্ধে এই মিটার লাগিয়েছে। অবিলম্বে প্রিপেইড মিটার প্রকল্প বাতিল করতে হবে। পূর্বের ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপন করবে এই প্রত্যাশা করছি। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বক্তারা আরও বলেন, নেসকো গ্রাহকদের বাড়িতে গিয়ে প্রিপেইড মিটার জোর করে লাগাচ্ছে। আগে যেমন মাসিক বিল আসতো ৮০০ থেকে ১,০০০ টাকা। এখন হচ্ছে ১,৫০০ থেকে ২,০০০ টাকা। এই মিটার আমরা ব্যাবহার করবো না।
পরে একটি প্রতিনিধি দল নেসকোর প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলামের কাছে দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে।
প্রধান প্রকৌশলী জানান, এটা সরকারের সিদ্ধান্ত। আমার করার কিছু নেই। তবে দাবিগুলো যথাযথ কতৃপক্ষের কাছে পাঠানো হবে।



