বিশ্ববাজারে ক্রমাগত মূল্যবৃদ্ধি এবং অভ্যন্তরীণ ভর্তুকি সমন্বয়ের অংশ হিসেবে বাংলাদেশে আবারও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। নতুন দরে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। হঠাৎ এই মূল্যবৃদ্ধির ফলে পরিবহন খাতসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় বাড়তি চাপ সৃষ্টি করতে পারে।
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাংলাদেশে যখন এ নিয়ে আলোচনা চলছে, তখন দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে পেট্রোল ও ডিজেলের দাম কত, তা নিয়েও ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলোর সরকারি ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য এবং স্থানীয় মুদ্রার বাংলাদেশি টাকায় আনুমানিক রূপান্তর বিশ্লেষণ করলে দেখা যায়, দক্ষিণ এশিয়ার জ্বালানি বাজারে দামের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।
বাংলাদেশে সোমবার থেকে নতুন দরে ডিজেল ১৩৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা লিটারে বিক্রি হচ্ছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নতুন প্রজ্ঞাপনে এ মূল্য নির্ধারণ করা হয়েছে।
দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান অর্থনীতি ভারতে রাজ্যভেদে জ্বালানি তেলের দামে পার্থক্য রয়েছে। দেশটির জ্বালানি ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস সেলের (পিপিএসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, নয়াদিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০২.১২ ভারতীয় রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩১ টাকা। সেখানে ডিজেলের দাম ৯৫.২০ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২২ টাকা।
পাকিস্তানে গত ১৮ সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন দিনের জন্য নির্ধারিত দরে ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতি লিটার পেট্রোল ৩৮৯.১৪ পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭২ টাকা। দেশটিতে হাই-স্পিড ডিজেলের দাম ৪২৪.০৪ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৮ টাকা লিটার।
শ্রীলঙ্কায় গত ৩১ আগস্টের সর্বশেষ সরকারি মূল্যতালিকা অনুযায়ী, প্রতি লিটার পেট্রোল ৩৯৯ শ্রীলঙ্কান রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪৭.৬ টাকা। দেশটিতে অটো ডিজেলের দাম ৩৮২ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪১.৩ টাকা।
নেপাল অয়েল করপোরেশনের তালিকা অনুযায়ী, দেশটিতে প্রতি লিটার পেট্রোল ১৭৫ নেপালি রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪০.৩ টাকা এবং ডিজেল ১৬৫ নেপালি রুপি, প্রায় ১৩২.৩ টাকা দরে বিক্রি হচ্ছে।
ভুটানের রাজধানী থিম্পুতে সরকারি ভর্তুকি-পরবর্তী প্রতি লিটার পেট্রোলের দাম ৯৮ গুলট্রাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৫ টাকা। সেখানে ডিজেলের দাম ৯৮.৩১ গুলট্রাম, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৬ টাকা লিটার।
মালদ্বীপের রাষ্ট্রীয় মূল্যতালিকা অনুযায়ী, দেশটিতে প্রতি লিটার পেট্রোলের দাম ১৬.০১ রুফিয়া, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৮ টাকা। ডিজেলের দাম ১৭.৫৪ রুফিয়া, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪০ টাকা।
আফগানিস্তানের ক্ষেত্রে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ওয়েবসাইটে দেশব্যাপী পেট্রোল ও ডিজেলের নির্দিষ্ট খুচরা মূল্য পাওয়া যায়নি। দেশটির সরকারি আফগানিস্তান অয়েল অ্যান্ড গ্যাস করপোরেশনের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজার, সরবরাহ, পরিবহন, কর ও বিনিময় হারসহ বিভিন্ন কারণে স্থানীয় বাজারে জ্বালানি তেলের দাম পরিবর্তিত হচ্ছে।



