নারীদের স্কুল, কলেজ ও কর্মক্ষেত্রে যাওয়ার জন্য ১৩টি রুটে আরও ১০০টি বাস দ্রুত চালু করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চলমান ১৪টি পিংক বাসের সংখ্যা অপ্রতুল হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হলো।
রবিবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, সংসদ সদস্য লুৎফর রহমান, মো. রুহুল আমীন দুলাল, মোহাম্মদ আক্তারুজ্জামান, নেওয়াজ হালিমা আরলী, মো. রফিকুল ইসলাম খান, মো মতিয়ার রহমান অংশগ্রহণ করেন।
এসময় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করে সেটা সোজা ও প্রশস্তকরণ এবং নতুন যেসব প্রকল্প নেওয়া হচ্ছে সেগুলো স্ট্রেইট লাইন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং এর অধীনস্থ বিভাগ ও দপ্তরের সার্বিক কার্যক্রম সম্পর্কে স্থায়ী কমিটির সদস্যদের অবহিতকরণ এবং সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা আনয়নে মন্ত্রণালয়ের পরিকল্পনা ও গৃহীত কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।



