বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও খরনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজেদুর রহমান শাহীনসহ (৫২) চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এর আগে, সোমবার সন্ধ্যায় বগুড়া ডিবি পুলিশের একটি দল কক্সবাজার সদর থানার একটি রিসোর্ট থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন, বগুড়ার শাজাহানপুর উপজেলার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহিন (৫২), একই উপজেলার গন্ডগ্রাম মিয়াপাড়ার জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সৈয়দ আবু জাফর সিদ্দিক রিপন (৬০), বগুড়া সদরের নারুলী পশ্চিমপাড়ার শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন নির্জন ওরফে ভাদু (২৯) এবং কৈচড় গ্রামের স্বেচ্ছাসেবক লীগের কর্মী ফৌরদৌস হোসেন (২৬)।
এদের প্রত্যেকের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে মামলা রয়েছে।
জানা গেছে, বগুড়ায় এনে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে তাদের।
ওসি ডিবি ইকবাল বাহার ও অন্য কর্মকর্তারা জানান, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহিনসহ চার নেতাকর্মীর বিরুদ্ধে বগুড়ার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের গ্রেপ্তারে দীর্ঘদিন ধরে অভিযান চলছিল। পরে কক্সবাজারে তাদের থাকার খবর পেয়ে সোমবার সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে জেলা তাদের গ্রেপ্তার করা হয়।



