Tuesday, September 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

মেয়ের বিয়ের বাজার করতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন বাবা

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পিএম

গাজীপুরে মেয়ের বিয়ের বাজার করতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় লোকমান হোসেন (৫০) নিহত হয়েছেন। এসময় এক মাছ ব্যবসায়ীরও মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর (জেসন গেট) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত লোকমান হোসেন গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার বাসিন্দা।  তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্যদিকে, নিহত মাছ ব্যবসায়ী দিরু মিয়ার বাড়ি নেত্রকোনায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বাসের জন্য অপেক্ষা করছিলেন লোকমান হোসেন। হঠাৎ দ্রুতগতির মাছবাহী ট্রাক তাকে (লোকমানকে) ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। লোকমান হোসেনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, শুক্রবার (২ অক্টোবর) মেয়ের বিয়ে উপলক্ষ্যে লোকমান হোসেনের বাড়িতে প্রস্তুতি চলছিল। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বর পক্ষেরও আসার কথা ছিল তাদের বাড়িতে। অথচ সড়ক দুর্ঘটনায় বাবার আকস্মিক মৃত্যুতে মেয়ের বিয়ের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়।

অন্যদিকে, নিয়ন্ত্রণ হারানো মাছবাহী ট্রাকটির সামনের অংশও দুমড়ে-মুচড়ে যায়। ফলে গাড়ির চালকের পাশের সিটে থাকা মাছ ব্যবসায়ী দিরু মিয়া ট্রাকের ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন। 
পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগে কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর মাছ ব্যবসায়ী দিরুরও মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটির চালক পালিয়ে যায়।

শাহাবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

   

About

Popular Links

x