কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন ব্যাংকে পাঠানো এক ই-মেইল বার্তায় সালমান মুক্তাদিরের হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য (কেওয়াইসি) ও হিসাব বিবরণী (স্টেটমেন্ট) দিতে বলা হয়েছে।
ওই ই-মেইল বার্তায় সালমান মোহাম্মাদ মুক্তাদিরের নাম উল্লেখ করে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে জরুরি ভিত্তিতে তথ্য দিতে নির্দেশ দেওয়া হয়। আরও বলা হয়, এই বার্তা উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত।
বিএফআইইউর পাঠানো বার্তায় সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে সালমান মুক্তাদিরের নামে থাকা হিসাবের কেওয়াইসি ও হিসাব বিবরণীর সফট কপি দিতে বলা হয়েছে। পাশাপাশি সংযুক্ত এক্সেল ফাইলে তার হিসাবসংক্রান্ত সব তথ্য এবং চিহ্নিত প্রতিটি হিসাবের সুদ আয় ও উৎসে কর (টিডিএস)-সংক্রান্ত তথ্য পূরণ করে পাঠাতে বলা হয়েছে।
আগামী আধা ঘণ্টার মধ্যে তার ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম, কেওয়াইসি নথি ও লেনদেন বিবরণীসহ সংশ্লিষ্ট তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার গভীর রাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজ হাউজিং কমপ্লেক্সের ভেতরে থাকা সালমানের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এক ফেসবুক লাইভে তিনি ক্ষমতাসীন দলের সদস্যদের দায়ী করে চাঁদাবাজির অভিযোগ তোলেন। তবে পরবর্তীতে সালমান নিজেও স্বীকার করেন যে সরাসরি কেউ তার কাছে চাঁদা দাবি করেনি।



সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় জড়িতদের নিয়ে যা বললো পুলিশ
সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাট, আটক ৩