প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর শতভাগ নিশ্চিত। এ নিয়ে তাড়াহুড়ো করলে কারও লাভ নেই। তবে এর দিনক্ষণ নিয়ে এখনো কোনও আলোচনা হয়নি বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সময় নির্ধারণের বিষয়ে সাংবাদিক প্রশ্ন করলে তিনি জানান, সত্যি বলতে তারিখ নিয়ে কোনো কথা হয়নি। মাস, তারিখ কোনো কিছুই আলোচনা হয়নি। তবে সফর হবে এটা শতভাগ নিশ্চিত। তাড়াহুড়ো করলে কোনো লাভ কারও নেই।
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশের মানুষেরই আগ্রহ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘‘ঢাকা-দিল্লি সম্পর্কে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠকে বসলে এসব সমস্যার সমাধান করা সম্ভব।’’
ভারতীয় হাইকমিশনার আরও বলেন, ‘‘দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্য, পানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এ ধরনের শীর্ষ বৈঠকের আগে কর্মকর্তাদের কাজ করতে হবে এবং বৈঠকের পর বাস্তবায়নযোগ্য বিষয়ও থাকা দরকার।’’
তিনি জানান, দুটি দেশেরই সাধারণ মানুষ চায় বাংলাদেশ ও ভারতের সম্পর্কের একটি ‘গোল্ডেন চ্যাপটার’ শুরু হোক।



