বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১০৮ টাকা ৭৮ পয়সা। এর আগে লিটারপ্রতি দাম ছিল ৯৬ টাকা ৮৬ পয়সা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে এক বিজ্ঞপ্তিতে কমিশন এ তথ্য জানায়। নতুন দাম কার্যকর হবে বুধবার মধ্যরাত অর্থাৎ রাত ১২টা থেকে।
বিইআরসি জানায়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ৩৪(৪) ও ৩৪(৬) ধারা অনুযায়ী বিপিসি ও তেল বিপণন কোম্পানিগুলোর প্রস্তাবের ভিত্তিতে গণশুনানি ও বিস্তারিত পর্যালোচনা শেষে এই দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে টানা দুই মাস ফার্নেস অয়েলের দাম কমিয়েছিল কমিশন। ৩০ জুন লিটারপ্রতি দাম ১১৩ টাকা ৫৪ পয়সা থেকে কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা করা হয়। পরের দুই মাসে তা আরও কমে দাঁড়ায় ৯৬ টাকা ৮৬ পয়সায়। এবার এক লাফে দাম বাড়ল ১১ টাকা ৯২ পয়সা।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করছে বিইআরসি। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর ১৫ সেপ্টেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল ও জেট এ-১ এর দাম নির্ধারণের এখতিয়ার কমিশনকে দেওয়া হয়। জানুয়ারিতে গণশুনানির পর ২২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে মিলিয়ে নতুন দর ঘোষণা করছে সংস্থাটি।



