Thursday, October 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান ঘিরে ৪ মামলা, গ্রেপ্তার ২৫

এ ঘটনায় মিরপুর মডেল থানায় তিনটি এবং কাফরুল থানায় একটি মামলা করা হয়েছে

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০১:১৭ পিএম

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মিরপুর মডেল থানায় তিনটি এবং কাফরুল থানায় একটি মামলা করা হয়েছে এবং এসব মামলায় এখন পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মিরপুর মডেল থানায় করা তিন মামলার মধ্যে দুটির বাদী পুলিশ সদস্য এবং অপর মামলাটির বাদী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের একজন কর্মকর্তা। এসব মামলায় মোট ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, “তিনটি মামলা মিরপুর মডেল থানায় এবং গাড়ি পোড়ানোর ঘটনায় একটি মামলা কাফরুল থানায় করা হচ্ছে।”

মামলাগুলোতে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, পুলিশের গাড়ি ও ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে অগ্নিসংযোগ এবং সরকারি সম্পত্তির ক্ষতিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় কাফরুল থানার মামলাটি করা হয়েছে।

এর আগে, বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেটসংলগ্ন এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযান চলাকালে একপর্যায়ে হকার ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে সিটি কর্পোরেশনের কয়েকটি গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার সময় হকারদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আহত হন কয়েকজন পুলিশ সদস্য।

এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের ওপর হামলা ও সংবাদমাধ্যমের গাড়ি ভাঙচুরের অভিযোগও ওঠে। ঘটনাস্থলে থাকা একাধিক সংবাদমাধ্যমকর্মী হামলার শিকার হন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ, ছবি এবং অন্যান্য তথ্য যাচাই করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত করা হচ্ছে।

এদিকে ঘটনার পর ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন জানিয়েছেন, উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

ডিএনসিসির পক্ষ থেকে বলা হয়েছে, মিরপুর-১০ এলাকায় ফুটপাত দখলমুক্ত করার অংশ হিসেবে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে। এর আগে হকারদের সঙ্গে মতবিনিময় করে বিকল্প স্থানে ব্যবসার সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল বলেও জানিয়েছেন সংস্থাটির প্রশাসক।

   

About

Popular Links

x