Thursday, October 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাতীয় সংসদের ৩২৩ নম্বর আসন শূন্য ঘোষণা

জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পিএম

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের কারণে জাতীয় সংসদের ৩২৩ নম্বর, অর্থাৎ মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মিষ্টির পদত্যাগের পর তার সংসদীয় আসনটি শূন্য হয়েছে বলে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতেও উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর ২০২৬ তারিখে পদত্যাগ করায় জাতীয় সংসদের ৩২৩ নম্বর, অর্থাৎ মহিলা আসন-২৩, সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী ওই তারিখে শূন্য হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর নির্দেশে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। প্রধানমন্ত্রীর প্রেস সচিবও তাকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম সামনে আসে। ওই ঘটনায় ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগও ওঠে।

এর পরিপ্রেক্ষিতে মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন সরকারপ্রধান। একই ঘটনায় মিষ্টির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তদন্তে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

   

About

Popular Links

x