Monday, October 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কত জেলা ঘুরেছেন, ভাইরাল ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে

বছরের পর বছর ভ্রমণের পর ঠিক কতটি জেলা ঘোরা হয়েছে, সেই হিসাব মনে রাখা কঠিন হয়ে পড়ে

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পিএম

বাংলাদেশের রূপ ও বৈচিত্র্যকে চেনার অন্যতম চমৎকার উপায় ভ্রমণ। দেশের ৬৪ জেলার প্রতিটিতেই ছড়িয়ে আছে পাহাড়, সমুদ্র, হাওর কিংবা ঐতিহাসিক স্থাপত্যের নানা গল্প। তবে বছরের পর বছর ভ্রমণের পর ঠিক কতটি জেলা ঘোরা হয়েছে, সেই হিসাব অনেকেরই মনে রাখা কঠিন হয়ে পড়ে। ভ্রমণ করা জেলার সেই হিসাব সহজে মনে রাখার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার সুযোগ করে দিয়েছে ‘বাংলাদেশ ভ্রমণ ম্যাপ’।

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠা এই ডিজিটাল ম্যাপে নিজেদের ভ্রমণ করা জেলাগুলো নির্বাচন করে নেটিজেনরা তা টাইমলাইনে শেয়ার করছেন। এতে একদিকে যেমন ঘুরে আসা জেলার হিসাব রাখা যাচ্ছে, অন্যদিকে কোন কোন জেলা এখনো দেখা হয়নি, সেটিও সহজে বোঝা যাচ্ছে।

ভ্রমণপ্রেমী ও ওয়েব ডিজাইনার মো. সাব্বির হোসেন রবিনের তৈরি https://unseenbangladesh.com/ প্ল্যাটফর্ম থেকে বিনামূল্যে এই কাস্টম ভ্রমণ ম্যাপ তৈরি করা যায়। ওয়েবসাইটে প্রবেশ করলেই আটটি বিভাগের অধীনে ৬৪ জেলার তালিকা ও ইন্টারেক্টিভ ম্যাপ দেখা যায়। তালিকায় ক্লিক করে, সার্চ বারে জেলার নাম লিখে অথবা সরাসরি মানচিত্রে ট্যাপ করে ভ্রমণ করা জেলাগুলো নির্বাচন করা যায়।

যতগুলো জেলা নির্বাচন করা হবে, তার ভিত্তিতে ম্যাপে ভ্রমণকারীর স্কোর দেখা যাবে, যেমন ১০/৬৪। প্রয়োজনে ‘সব বাছাই করুন’ বা ‘সব মুছুন’ অপশনও ব্যবহার করা যাবে।

ম্যাপটি আরও আকর্ষণীয় করতে রয়েছে বিভিন্ন আধুনিক রঙের থিম। পছন্দের থিম নির্বাচন করার পাশাপাশি এতে নিজের নাম ও ছবি যুক্ত করা যায়। নাম না দিলে স্বয়ংক্রিয়ভাবে সেখানে ‘আমার বাংলাদেশ’ লেখা প্রদর্শিত হবে।

ম্যাপ তৈরির কাজ শেষ হলে ‘আপনার ম্যাপ ডাউনলোড করুন’ অপশনে ক্লিক করে PNG, JPG বা PDF ফরম্যাটে তা সংরক্ষণ করা যায়। পরে সহজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাবে। একই প্ল্যাটফর্মে বিশ্ব ভ্রমণ ম্যাপ তৈরির সুবিধাও রয়েছে।

শুধু আগের ভ্রমণের হিসাব রাখাই নয়, প্ল্যাটফর্মটিতে দেশের ৬৪ জেলার ২৪০টিরও বেশি দর্শনীয় স্থানের তথ্যও যুক্ত করা হয়েছে। নির্দিষ্ট কোনো জেলার ওপর ক্লিক করলে সেখানকার জনপ্রিয় দর্শনীয় স্থান, যাতায়াত ব্যবস্থা, আনুমানিক খরচ এবং থাকার হোটেলের প্রাথমিক তথ্য পাওয়া যায়।

এ ছাড়া একাধিক জেলা নিয়ে ভ্রমণের পরিকল্পনা সাজাতে রয়েছে ‘ট্রিপ প্ল্যানার’। যাত্রার শুরুর স্থান, ভ্রমণের দিনসংখ্যা, ভ্রমণসঙ্গীর সংখ্যা ও বাজেট নির্ধারণ করে দিলে এটি কম দূরত্বের রুট অনুযায়ী ভ্রমণ পরিকল্পনা তৈরি করে ডাউনলোডযোগ্য রোডম্যাপ দেবে।

বাংলাদেশের ভূগোল সম্পর্কে নিজের জ্ঞান যাচাইয়ের জন্য রয়েছে ১০ প্রশ্নের ভূগোল কুইজ ও মানচিত্রের পাজল গেম। উদ্যোগটি চালুর পর ব্যাপক সাড়া পাওয়ার পর খুব শিগগিরই গুগল প্লে স্টোরে এর মোবাইল অ্যাপ আনার পরিকল্পনা রয়েছে।

   

About

Popular Links

x