Wednesday, October 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘মুক্তিযোদ্ধা তালিকা থেকে অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই’

মতবিনিময় সভা শেষে মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান এ কথা জানান

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পিএম

মুক্তিযোদ্ধা তালিকা থেকে অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান।

বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহিদদের তালিকা এবং বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রকৃত তালিকা প্রণয়নের কৌশল ও করণীয় নির্ধারণে আয়োজিত মতবিনিময় সভা শেষে মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘‘দল-মতের ঊর্ধ্বে উঠে নির্মোহভাবে মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই করা হবে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় রাখা এবং অ-মুক্তিযোদ্ধাদের বাদ দেওয়ার লক্ষ্যেই এ যাচাই-বাছাই চলছে।’’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বিভিন্ন পর্যায়ের আলোচকরা অংশ নেন। সভায় মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে লিপিবদ্ধ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা যথাযথভাবে তুলে ধরার বিষয়ে আলোচনা হয়।

আহমেদ আযম খান বলেন, ‘‘মুক্তিযুদ্ধের প্রকৃত যোদ্ধাদের সঙ্গে অনেক অ-মুক্তিযোদ্ধা যুক্ত হওয়ার অভিযোগ দীর্ঘদিনের। একইভাবে ১৯৭১ সালের শহীদদের তালিকা এবং মুক্তিযুদ্ধের সময় নির্যাতনের শিকার বীরাঙ্গনাদের তালিকা নিয়েও নানা আলোচনা ও বিতর্ক রয়েছে। মন্ত্রণালয় এসব বিষয় দল-মতের ঊর্ধ্বে উঠে নির্মোহভাবে যাচাই করে সঠিক তথ্য তুলে আনার চেষ্টা করছে।’’

তিনি বলেন, "আমরা চাই স্বাধীনতার ইতিহাস সঠিকভাবে লিপিবদ্ধ হোক। আগামী দিনে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মানুষ যেন স্বাধীনতার ইতিহাস সঠিকভাবে জানতে পারে। সেই নির্মোহ জায়গা থেকেই কাজ করছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়।"

নতুন করে মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন নেওয়া হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, নতুন করে আবেদন নেওয়া হচ্ছে না। স্বাধীনতার ৫৫ বছর পরও কেন মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন নেওয়া হবে, সেটি প্রশ্ন। তাই ৭ অক্টোবরের পর নতুন করে আবেদন নেওয়া হবে না বলে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, যারা ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের আবেদন চুলচেরা যাচাই-বাছাই করা হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করে কেউ প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে বাদ পড়ে থাকলে তাকে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তবে তালিকায় তারাই থাকবেন, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে চূড়ান্ত যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হবেন।

 

   

About

Popular Links

x