কুষ্টিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ মেহেরপুর জেলার গাংনী উপজেলায় সীমান্তে অজ্ঞাত পরিচয় ৬জনকে ফের পুশ-ইন চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
তবে বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। এরমধ্যে দুইজন পুরুষ-৪ জন নারী রয়েছে।
রবিবার (১১অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক জানান, রবিবার আনুমানিক ভোর পৌনে ৫ টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ৬ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়।
বিজিবির গোয়েন্দা তথ্য, সীমান্তে নিয়োজিত টহল দলের সতর্ক অবস্থান এবং তাৎক্ষণিক তৎপরতার কারণে বিএসএফের উক্ত প্রচেষ্টা শনাক্ত ও প্রতিহত করা সম্ভব হয়।
তিনি আরও জানান, সকাল ৮টায় প্রতিপক্ষ ১১ ব্যাটালিয়ন বিএসএফের দীঘলকান্দি ক্যাম্প উক্ত ৬ জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে ভারতের কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
বর্তমানে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল কার্যক্রম জোরদার রয়েছে। পাশাপাশি, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারীত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও বিজিবি’র নিয়ন্ত্রণে রয়েছে।
প্রসঙ্গত, এরআগে শুক্রবার (৯অক্টোবর) কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৪/৪-এস এর কাছে প্রতিপক্ষ ১১ ব্যাটালিয়ন
বিএসএফ-এর বিজয় মাঠপাড়া ক্যাম্প কর্তৃক ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা করা হয়।
এরমধ্যে দুইজন পুরুষ, একজন নারী এবং একজন শিশু। তাৎক্ষণিকভাবে শেওড়াতলা বিওপির বিজিবি টহল দল স্থানীয় জনসাধারণের সহযোগিতায় বিএসএফ এর অবৈধ পুশ-ইন প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করে।



