সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা থেকে আজ রবিবার পর্যন্ত পাঁচটি ফ্লাইট বাতিল হয়েছে।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রিয়াদ রুটের একটি ফ্লাইট রয়েছে। এছাড়া সৌদি আরবের বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটও বাতিল হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। এর আগে শনিবার রাতে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিতের কথা জানিয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে সৌদি আরবের সৌদিয়া এয়ারলাইন্সের এসভি ৮০৪, এসভি ৮০৫, এসভি ৮০৬ ও এসভি ৮০৭ এবং আরএক্স ৭৬৩ ও আরএক্স ৭৬৪। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনন্সের বিজি ৩৩৯ ফ্লাইটটিও বাতিল হয়েছে। ফ্লাইটটির ঢাকা থেকে রিয়াদ যাওয়ার কথা ছিল।
এদিকে শনিবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস ৩৮১ ফ্লাইটটি নির্ধারিত গন্তব্যে যেতে না পেরে অন্যত্র অবতরণ করে। ফ্লাইটটির ঢাকায় পৌঁছানোর নির্ধারিত সময় ছিল শনিবার বেলা ৩টা ১০ মিনিট। তবে এটি শনিবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শনিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের বিজি ৩৩৯ ও বিজি ৩৪০ ফ্লাইটের যাত্রা স্থগিত করা হয়। এসব ফ্লাইটে টিকিট বুকিং করা যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ফ্লাইটের সর্বশেষ অবস্থা ও নতুন সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
ফ্লাইট বাতিল ও সময়সূচি পরিবর্তন হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নিতে যাত্রীদের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী সব ফ্লাইট হয় অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, নয়তো বাতিল করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সেখানে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সেরর সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করতে বলেছে।



সৌদি আরবের বিমানবন্দরে হামলা, ২ বাংলাদেশিসহ নিহত ১২