সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনায় শামীম রেজা নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। দীর্ঘদিন বিদেশে কর্মজীবন কাটিয়ে স্থায়ীভাবে দেশে ফেরার পরিকল্পনা করেছিলেন তিনি। এরই মধ্যে দেশে ফেরার আনুষ্ঠানিক প্রক্রিয়াও সম্পন্ন করেছিলেন। কিন্তু স্বজনদের কাছে ফেরার আগেই প্রাণ হারালেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) রিয়াদের ২২ নম্বর এক্সিটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. শামীম রেজার বাড়ি সিরাজগঞ্জ জেলার চক খাদুলী গ্রামে। তিনি ওই গ্রামের মো. নিজাম উদ্দিন প্রামাণিকের ছেলে। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছোট ভাই নুরুল ইসলাম।
পারিবারিক সূত্রে জানা যায়, দুর্ঘটনার দিন রিয়াদের ২২ নম্বর এক্সিটের কাছাকাছি অবস্থানকালে শামীম রেজার কাভার্ড ভ্যানে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে তিনি গাড়ির ভেতরে আটকা পড়ে প্রাণ হারান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে স্থানীয় সিমুচি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, দীর্ঘ প্রবাসজীবন শেষে পরিবারের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শামীম রেজা। এ উদ্দেশ্যে সম্প্রতি সৌদি আরব থেকে স্থায়ীভাবে দেশে ফেরার জন্য ফাইনাল এক্সিট ভিসা সংগ্রহ করেন। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত তার ভিসার মেয়াদ ছিল। দেশে ফেরার অপেক্ষায় থাকা শামীম রেজার আকস্মিক মৃত্যুতে পরিবার ও আত্মীয়স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, সৌদি আরবে বসবাসরত তার ছোট ভাই নুরুল ইসলাম মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা চেয়েছেন। পরিবারের কাছে মরদেহ পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণেরও অনুরোধ জানিয়েছেন তিনি।
তবে কাভার্ড ভ্যানটিতে কীভাবে আগুন লেগেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে কি না, সে সম্পর্কেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য জানা যায়নি।



