বগুড়ার শেরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় গোলাম রব্বানী (৩৩) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ছোনকা ওভারপাস ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এ তথ্য দিয়েছেন।
নিহত এই পুলিশ কর্মকর্তা পুলিশ সদর দপ্তরে এসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় কালিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে। ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফিরছিলেন।
তাকে বহনকারী গাড়িটি শুক্রবার রাত ৮টার দিকে বগুড়ার শেরপুরের ছোনকা ওভারপাস ব্রিজের সংযোগস্থলে পৌঁছুলে নিয়ন্ত্রণ হারান চালক। এ সময় গাড়িটি সড়ক বিভাজকে ধাক্কা দিলে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে গাড়ির পেছনের আসনে থাকা গোলম রব্বানী ঘটনাস্থলেই মারা যান। গাড়িতে থাকা বাকি সদস্যরাও আহত হয়েছেন।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে হতাহতদের উদ্ধার করেন। তবে দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে গেছে। ঘটনাস্থলে নিহতের সঙ্গে থাকা কাগজপত্র দেখে তিনি পুলিশ কর্মকর্তার পরিচয় নিশ্চিত হন।
হাইওয়ে পুলিশ শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে রেকারের সাহায্যে ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
নিহত পুলিশ কর্মকর্তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্ত ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।



