কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের চুওরী পশ্চিমপাড়া এলাকার একটি বাঁশঝাড় থেকে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে চুওরী ফকির বাড়ির বাঁশঝাড়ে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক।
নিহত ওই বৃদ্ধের নাম মোবারক হোসেন (৭৫), তিনি চুওরী গ্রামের বাসিন্দা।
ওসি কাজী নাজমুল হক বলেন, “সকালে বাঁশঝাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।”
তিনি বলেন, “ধারণা করা হচ্ছে, রাতেই কেউ ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করেছে। তবে কে বা কারা, কী কারণে ওই ব্যক্তিকে হত্যা করেছে তা এখনও আমরা জানতে পারিনি। এখন পর্যন্ত আমরা এই বিষয়ে বিস্তারিত বলতে পারছি না।”



