নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় চায়ের দোকানে বসে থাকা জামাল উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধকে গুলির অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘোষকামতা গ্রামের বটতলী এলাকায় সালাউদ্দিনের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। এতে ওই বৃদ্ধের বাম পা গুলিবিদ্ধ হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে বাড়ির পাশের ওই চায়ের দোকানে বসে ছিলেন জামাল উদ্দিন।
এসময় কালো পোশাক ও হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে করে দোকানের সামনে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, রাত ১২টার দিকে জামাল উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়। তার বাম পা ও রানে গুলির আঘাত রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত।
জামাল উদ্দিন একই গ্রামের মিজি বাড়ির মৃত সাখায়েত উল্যার ছেলে। তিনি একসময় প্রবাসে ছিলেন। কয়েক বছর আগে নাটেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কী কারণে জামাল উদ্দিনকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, তা এখনো জানা যায়নি।”



