জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগে থাকা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। নতুন এ প্রজ্ঞাপন চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে।
বুধবার (২৮ অক্টোবর) অর্থ বিভাগের প্রবিধি-৬ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনটিতে সই করেন যুগ্মসচিব শরীফ নজরুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি ও স্বশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ প্রজাতন্ত্রের বিভিন্ন অসামরিক পদে জনস্বার্থে চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তিদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নির্ধারণে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ১ জুলাই ২০২৬-এর আগে জাতীয় বেতন স্কেল-২০১৫-এর বিভিন্ন গ্রেডে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া যেসব কর্মচারীর চুক্তির মেয়াদ ১ জুলাইয়ের পরও বহাল রয়েছে, তাদের চুক্তি সংশোধন করে নতুন বেতন স্কেল অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রেড ও ধাপ অনুসরণ করে ১ জুলাই থেকে বেতন কার্যকর হবে।
এ ছাড়া চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর নির্দিষ্ট বিধান অনুযায়ী বর্ধিত হারে বেতন এবং সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুসারে প্রযোজ্য ভাতা পাবেন তারা। তবে বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা প্রযোজ্য হবে না।
নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১ জুলাই ২০২৬-এর পর চুক্তিভিত্তিক পদে নিয়োগ পাওয়া বা নিয়োগ পেতে যাওয়া ব্যক্তিদের অবসরের অব্যবহিত আগে জাতীয় বেতন স্কেলের যে গ্রেড ও ধাপে মূল বেতন পাওয়ার কথা ছিল, নতুন বেতন স্কেলে সেই গ্রেড ও ধাপের বেতন চুক্তিভিত্তিক পদের বেতন হিসেবে নির্ধারণ করা হবে। বিদ্যমান চুক্তি থাকলে তা সংশোধন করতে হবে।
এ ধরনের কর্মচারীরা চুক্তি অনুযায়ী যোগদানের তারিখ থেকে নির্ধারিত বিধান অনুসারে বর্ধিত হারে বেতন ও চুক্তিতে উল্লিখিত প্রযোজ্য ভাতা পাবেন। তবে বিশেষ ক্ষেত্রে সরকার নির্ধারিত বেতন অথবা উভয় পক্ষের সম্মতিতে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তিতে নির্ধারিত বেতনই চুক্তিভিত্তিক পদের বেতন হিসেবে বিবেচিত হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, চুক্তিভিত্তিক নির্ধারিত বেতন থেকে নির্ধারিত মোট পেনশন, এককালীন অর্থ গ্রহণ বা সমর্পণের আগের পরিমাণ এবং বিশেষ অতিরিক্ত পেনশন, যদি থাকে, বাদ দেওয়া যাবে না।
তবে চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদে চাকরির জন্য কোনো ইনক্রিমেন্ট, আনুতোষিক বা বর্ধিত পেনশন দেওয়া হবে না। অর্থাৎ, এ সময়ে নতুন করে বার্ষিক বেতন বৃদ্ধি, আনুতোষিক কিংবা পেনশন বৃদ্ধির সুবিধা পাওয়া যাবে না।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী নন, এমন ব্যক্তিদের চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে বেতন-ভাতা ও অন্যান্য শর্ত প্রতিটি ক্ষেত্রে যোগ্যতা ও গুণাগুণ বিবেচনা করে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের সমন্বয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে। পরে সে অনুযায়ী চুক্তিপত্র সম্পাদন করতে হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এর সঙ্গে সাংঘর্ষিক আগের সব আদেশ, স্মারক ও নির্দেশনার সংশ্লিষ্ট অংশ বাতিল বলে গণ্য হবে। তবে নতুন প্রজ্ঞাপনের সঙ্গে সংগতিপূর্ণ আগের নির্দেশনাগুলো বহাল থাকবে। এ ছাড়া বেতন-ভাতা বিষয়ে পরবর্তী সময়ে সরকার যেসব আদেশ জারি করবে, চুক্তি অনুযায়ী প্রদেয় বেতন-ভাতা নির্ধারণে সেগুলোও প্রযোজ্য হবে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, অর্থ বিভাগের ২০১৬ সালের ২৬ জানুয়ারি জারি করা এ-সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে। এটি ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে।



