Tuesday, October 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

পদোন্নতি পেয়ে সচিব হলেন ৩ নারী কূটনীতিক

পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের পদোন্নতি দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পিএম

বাংলাদেশ মিশনে কর্মরত তিনজন নারী হাইকমিশনার ও রাষ্ট্রদূতকে একযোগে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন—ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাই কমিশনার নওরীন আহসান, নিউ জিল্যান্ডে বাংলাদেশের হাই কমিশনার সামিনা নাজ এবং গ্রিসে বাংলাদেশ রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।

তাদের মধ্যে সামিনা ও নওরীন বিসিএস পররাষ্ট্র ক্যাডারের পঞ্চদশ ব্যাচ এবং সুমনা সপ্তদশ ব্যাচের কর্মকর্তা।

নিউ জিল্যান্ডের ওয়েলিংটন মিশনে দায়িত্বের আগে সামিনা ভিয়েতনাম এবং মিশরে বাংলাদেশ রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন। ওয়েলিংটনে তিনি প্রথম বাংলাদেশি আবাসিক হাই কমিশনার।

ভারতের মুম্বাইতে ২০১৩ সালে প্রথম ডেপুটি হাই কমিশনার হওয়ার সময় কোনো নারী কূটনীতিকের নেতৃত্বে প্রথমবারের মতো একটি বাংলাদেশ মিশনের যাত্রা শুরু হয়েছিল। হেগ, দিল্লি ও নিউ ইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশনে বিভিন্ন দায়িত্বেও ছিলেন সামিনা।

অন্যদিকে গ্রিসের এথেন্সের যাওয়ার আগে চার বছর ব্রুনাই দারুস সালামে বাংলাদেশ হাই কমিশনারের দায়িত্ব সামলেছেন সুমনা। কূটনৈতিক ক্যারিয়ারে ব্রাসিলিয়া, অটোয়া, কলকাতা ও ক্যানবেরার বাংলাদেশ মিশনে বিভিন্ন দায়িত্বে ছিলেন তিনি।

১৯৯৫ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়া নওরীন কূটনৈতিক ক্যারিয়ারে প্রিটোরিয়া, হেগ ও অটোয়া মিশনে বিভিন্ন দায়িত্ব সামলেছেন।

   

About

Popular Links

x