তুরাগ নদের যে স্থান থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছিল, তার কাছাকাছি জায়গা থেকে পাওয়া গেছে তার মোটরসাইকেল। লাশ উদ্ধারের স্থান থেকে প্রায় ৫০ গজ দূরে মোটরসাইকেলটি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পিবিআই প্রধান মোস্তফা কামাল বলেন, “আমরা ঘটনাস্থলের কাছাকাছি থেকে তাহসিফের মোটরসাইকেলটি উদ্ধার করেছি।”
পিবিআইয়ের এক পুলিশ সুপার জানান, যে স্থান থেকে তাহসিফের লাশ উদ্ধার করা হয়েছিল, সেখান থেকে প্রায় ৫০ গজ দূরে মোটরসাইকেলটি পাওয়া গেছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণকারী হিসেবে আলোচনায় আসা তাহসিফের ভাসমান লাশ বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়।
তাহসিফ নিখোঁজ হওয়ার আগে বন্ধুস্থানীয় ছোটভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপের ডাকে বাসা থেকে বের হয়েছিলেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে হেফাজতে নেয় পিবিআই ঢাকা মেট্রো উত্তর।
অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল বলেন, “দীপকে হেফাজতে নেওয়ার পর আমরা বেশ কিছু তথ্য পেয়েছি।” তবে তদন্তের স্বার্থে সেসব তথ্য এখনই প্রকাশ করতে চাননি তিনি।
উদ্ধার হওয়া মোটরসাইকেলটির বিষয়ে পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, “মোটরসাইকেলটি কার, তা যাচাই করা হচ্ছে। আমরা তদন্তে নৌ পুলিশকে সহায়তা করছি।”



