Friday, October 30, 2026

সেকশন

English
Dhaka Tribune

তাহসিফের মৃত্যুর ঘটনায় নতুন মোড়, যা বললেন দীপ

উদ্ধার করা মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পিএম

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় নতুন তথ্য পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান ঢাকার তুরাগ নদের রাজবাড়ী ঘাটের কাছাকাছি এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এদিকে জিজ্ঞাসাবাদে তাহসিফের বন্ধুস্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপ দাবি করেছেন, কয়েকজনের ধাওয়ার মুখে তাহসিফ নদে ঝাঁপ দিয়েছিলেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ৫০ গজ দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে পিবিআই। তবে সেটি তাহসিফের কি না, তা যাচাই-বাছাই করছে সংস্থাটি।

পিবিআই সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার মো. আবু ইউসুফ শুক্রবার (৩০ অক্টোবর) সকালে বলেন, উদ্ধার করা মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে তাদের ধারণা, মোটরসাইকেলটি তারই হবে।

উদ্ধার করা মোটরসাইকেলটি রাজধানীর উত্তরখান থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্তের অংশ হিসেবে নৌপুলিশকে সহায়তা করছে পিবিআই।

পিবিআইয়ের একাধিক পুলিশ সুপার জানান, দীপকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। জিজ্ঞাসাবাদে দীপ বলেছেন, “আমরা সেখানে (ঘটনাস্থল) কথা বলছিলাম। এ সময় কিছু লোক ধাওয়া করে। তাহসিফ নদীতে ঝাঁপ দেয়। আর আমি পালিয়ে আসি।”

দীপ আরও দাবি করেছেন, যারা তাদের ধাওয়া করেছিলেন, তারা পুলিশের লোক ছিলেন। তার কাছ থেকে পাওয়া এসব তথ্যসহ জিজ্ঞাসাবাদে পাওয়া অন্যান্য তথ্য যাচাই-বাছাই করছে পিবিআই।

পিবিআই কর্মকর্তাদের ভাষ্য, রাজবাড়ী ঘাট এলাকা মাদক কারবারিদের আনাগোনার স্থান হিসেবে পরিচিত। মাদক কারবারিদের ধাওয়ার মুখে তাহসিফ নদে পড়ে ডুবে যেতে পারেন বলে ধারণা করছেন তারা।

তাহসিফ গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাসা থেকে বের হন। ওই দিন দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে মাকে মুঠোফোনে ভয়েস মেসেজ পাঠিয়ে বাসায় ফেরার কথা জানিয়েছিলেন তিনি। তবে এরপর আর বাসায় ফেরেননি।

পরদিন বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উত্তরখান থানার রাজবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। বাসা থেকে বের হওয়ার সময় তিনি নিজের মোটরসাইকেলটি সঙ্গে নিয়েছিলেন। মরদেহ উদ্ধারের পর তাঁর পরিবারের সদস্যরা মোটরসাইকেলটির খোঁজ না পাওয়ার কথা জানিয়েছিলেন।

তাহসিফ নিখোঁজ হওয়ার আগে একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে তাকে এক ব্যক্তির সঙ্গে দেখা যায়। পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে দীপ হিসেবে শনাক্ত করেন। পরে তাহসিফের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেয় পিবিআই।

বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে দীপকে নিয়ে যায় পিবিআই।

   

About

Popular Links

x