টাঙ্গাইলের ঘাটাইলে মেছো বাঘের আতঙ্কে রয়েছে শতাধিক পরিবারের মানুষ। বেশ কিছু দিন ধরে দুটি মেছো বাঘকে উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের তালতলা এলাকায় চলাফেরা করতে দেখা যায়।
শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার তালতলা গ্রামে একটি বাড়ির পাশের ঝোপঝাড়ে দেখা মিলে দুই মেছো বাঘের।
এ সময় মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার পর লোকজন জড়ো হলে বাঘ দুটি পালিয়ে যায়। মেছো বাঘ দুটি এখনও ধরাছোঁয়ার বাহিরে থাকায় এলাকাবাসী আতঙ্কে রয়েছে।
স্থানীয় বাসিন্দা বাবলু মিয়া জানান, অনিকনগর পার্কের পশ্চিম দিকে বারেকের বাড়ির পাশে ঝোপঝাড়ে মেছো বাঘ দেখা যায়। এ সময় হারুন নামের এক কিশোর মোবাইল ফোনে ভিডিও ধারন করে। মুহূর্তেই সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। শত শত উৎসুক জনতা ওই ঘন জঙ্গলের পাশে ভিড় জমায়।
আব্দুল বারেক মিয়া জানান, শুক্রবার আমার বাড়ির পশ্চিম পাশে ঘন জঙ্গল থেকে বাইরে এসে শুয়ে থাকে বাঘ দুটি। পরে বাঘ উচ্চস্বরে গর্জন করতে থাকে। বাঘের গর্জনে কেউ সামনে যাওয়ার সাহস পাচ্ছিল না।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুল্লাহ বলেন, “মেছো বাঘের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বাঘ আতঙ্ক ছড়িয়ে পড়ে সমস্ত এলাকায়।”
এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা এমরান আলী বলেন, “সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয়রা ভুল করে এটাকে চিতা বাঘ বললেও এটা মূলত মেছো বাঘ বা মেছো বিড়াল। স্থানীয়দের আতঙ্কিত না হতে এবং মেছো বাঘ দুটিকে না মারার অনুরোধ করে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়েছে।”



