রাজধানীতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে একাধিক বড় আয়োজন ঘিরে কয়েকটি সড়কে যানবাহনের চাপ বেড়েছে।
এ কারণে শনিবার (৭ নভেম্বর) বিশেষ করে মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবন এলাকা, তেজগাঁও ও আশপাশের সড়কে চলাচলের ক্ষেত্রে নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ।
এসব এলাকায় যাদের যাতায়াতের প্রয়োজন রয়েছে, তাদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।
যেসব এলাকায় বেশি সতর্ক থাকবেন
মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘কনসার্ট ফর সলিডারিটি’। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করেছে। বেলা তিনটা থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত কনসার্ট চলার কথা রয়েছে। এ আয়োজন ঘিরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাসংলগ্ন সড়কের একটি লেন সকাল থেকেই বন্ধ রাখা হয়েছে।
এছাড়া রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ের অনুষ্ঠানস্থলে যাওয়ার কথা রয়েছে। ফলে নয়াপল্টন, কাকরাইল, ফার্মগেট, আসাদগেট ও মানিক মিয়া অ্যাভিনিউমুখী সড়কে বিকেলে যানবাহনের চাপ বাড়তে পারে।
অন্যদিকে, তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে সকাল থেকে গ্রাম পুলিশের মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ৪০ হাজার গ্রাম পুলিশের সমাবেশ ঘিরে বাণিজ্য মেলার মাঠ, তেজগাঁও ও আশপাশের এলাকায় যানবাহনের চাপ তৈরি হয়েছে। সকাল থেকেই এসব এলাকায় যান চলাচল বিঘ্নিত হওয়ার খবর পাওয়া গেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের উপকমিশনার (তেজগাঁও) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাসংলগ্ন সড়কের একটি লেনে কনসার্টের মঞ্চ তৈরি করা হয়েছে। এ কারণে ওই লেন বন্ধ রাখা হয়েছে। বিপরীত লেনের মাঝখানে পার্টিশন দিয়ে দুই দিকের যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে।



