Sunday, November 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

শিল্পাঞ্চলে নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি ডিআইজির 

সাপ্তাহিক ছুটি শেষে সকাল থেকেই সাভার ও আশুলিয়ার অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন শ্রমিকরা

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পিএম

শিল্পাঞ্চলে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান। 

শ্রমিকদের আবেগকে কাজে লাগিয়ে তৈরি পোশাক শিল্প ও রাষ্ট্রকে অস্থিতিশীল করার কোনো অপচেষ্টাই বরদাশত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

রবিবার (৮ নভেম্বর) সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানার নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।  

ডিআইজি বলেন, “আপনারা নিজেরাও ঘুরছেন, দেখছেন যে এই মুহূর্তে আমাদের সাভার, আশুলিয়া ও রেঞ্জ ডিআইজি হিসেবে আমি বলব যে গাজীপুর ও নারায়ণগঞ্জ কোথাও নেগেটিভ কোনো কিছু শোনা যায়নি। ফ্যাক্টরিতে ঢুকে যথারীতি শ্রমিক তাদের কাজকর্ম অব্যাহত রেখেছে।’’ 

তিনি আরও বলেন, ‘‘আপনারা জানেন যে আমাদের মজুরি বোর্ড গঠন হয়েছে এই মাসের ১ তারিখে। এরপর মজুরি বোর্ড প্রথম বৈঠক করে তাদের ব্রিফ করেছে। শ্রমিকদের নিয়ে আমরা সাভার-আশুলিয়া এলাকায় বসছিলাম। তারা বলছে, এই আন্দোলন তো আসলে তাদের না। কারণ তাদের যে দাবি ছিল সেগুলির প্রতি সরকার অত্যন্ত সহানুভূতিশীল। বর্তমান সরকার শ্রমিকবান্ধব। শ্রমিকদের বেতন ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে সরকার চিন্তা করে।’’ 

গ্রেপ্তারের পরিসংখ্যান তুলে ধরে তিনি আরও বলেন, “শ্রমিক যেহেতু সেনসিটিভ বিষয়, তাদের আবেগকে কাজে লাগিয়ে একটি চক্র এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে যাচ্ছে। যারা পরিবেশ অশান্ত করবে, তাদের বিরুদ্ধেই কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’ 

তিনি জানান, এ পর্যন্ত আশুলিয়া ও সাভার এলাকায় প্রায় ১৫টি মামলা রুজু হয়েছে ও তাদের বিরুদ্ধে কঠোর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এই এলাকায় আমাদের প্রায় শতাধিক গ্রেপ্তার আছে। কিন্তু গ্রেপ্তারকৃতদের মধ্যে কেউই শ্রমিক না সবাই ক্রাইসিস সৃষ্টিকারী।’’ 

এদিকে টানা কয়েক দিনের আন্দোলনের পর সাপ্তাহিক ছুটি শেষে সকাল থেকেই সাভার ও আশুলিয়ার অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদনে যোগ দেন শ্রমিকরা। সকাল থেকেই কর্মস্থলে প্রবেশ করে নিজ নিজ ইউনিটে কাজ শুরু করেন তারা। 

তবে সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক হলেও আশুলিয়ার মেডলার, দি রোজ, এনবয়, নিট এশিয়া এবং এস২১-সহ গুটিকয়েক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এসব কারখানার শ্রমিকদের কাজে ফেরাতে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তরিকুল ইসলাম জানান, দু-একটি কারখানা ছাড়া শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পুরোপুরি শান্তিপূর্ণ ও স্বাভাবিক রয়েছে। 

   

About

Popular Links

x