Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

রিফাত হত্যাকাণ্ডে ২৪ অভিযুক্ত, ৭ নম্বর আসামি মিন্নি

রিফাত হত্যা মামলায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ০৮:১৬ পিএম

বরগুনায় আলোচিত রিফাত হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ২৪জনকে আসামি করে প্রতিবেদন (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। রোববার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ূন কবির।

পুলিশ প্রতিবেদনে মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ নয়ন (নয়ন বন্ড) বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে অব্যহতি দেওয়ার আবেদন করা হয়েছে।  

বরগুনা সদর থানার পরিদর্শক(তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক (১৮ বছর ও এর ওপরে) ১০ জন ও অপ্রাপ্তবয়স্ক (১৮ বছরের নিচে) ১৪ জনসহ মোট ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে পুলিশ আলাদা দুটি চার্জশিট দাখিল করা হয়েছে। প্রাপ্তবয়স্ক তালিকায় রিফাত ফরাজীকে ১ নম্বর আসামি ও মিন্নিকে ৭ নম্বর আসামি করা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক তালিকায় রিশান ফরাজীকে ১ নম্বর আসামি করা হয়েছে। 

গ্রেপ্তার সবাইকে অভিযুক্ত করা হয়েছে কি না জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা জানান, আদালতের বিচারক পুলিশ প্রতিবেদন গ্রহণ করলেই আসামিদের নাম প্রকাশ করা হবে। তার আগে এ বিষয়ে কিছুই বলা যাবে না। 

তবে পুলিশ সূত্রে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক চার্জশিটের আসামিদের নাম এসেছে ঢাকা ট্রিবিউনের হাতে। 

সূত্র অনুযায়ী, প্রাপ্তবয়স্ক চার্জশিটের আসামিরা হলেন- মো. রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩),আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১, মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯), মো. মুসা (২২), আয়শা সিদ্দিকা মিন্নি (১৯), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯), কামরুল হাসান সায়মুন (২১)। 

অপ্রাপ্তবয়স্ক চার্জশিটের আসামিরা হলো- মো. রাশিদুল হাসান রিশান ওরফে রিশান ফরাজী (১৭), মো. রাকিবুল হাসান রিফাত হাওলাদার (১৫), মো. আবু আবদুল্লাহ্ ওরফে রায়হান (১৬), মো, ওলিউল্লাহ্ ওরফে অলি (১৬), জয় চন্দ্র সরকার ওরফে চন্দন (১৭), মো. নাইম (১৭), মো, তানভীর হোসেন (১৭), মো. নাজমুল হাসান (১৪), মো. রাকিবুল হাসান নিয়ামত (১৫), মো, সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিবুল্লাহ (১৭), মারুফ মল্লিক (১৭), প্রিন্স মোল্লা (১৫), রাতুল শিকদার জয় (১৬), মো. আরিয়ান হোসেন শ্রাবণ (১৬)। 

রিফাত হত্যা মামলায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন-রিফাত ফরাজী, রিশান ফরাজী, চন্দন সরকার, রাব্বি আকন, হাসান, অলি, টিকটক হৃদয়, সাগর, কামরুল হাসান সাইমুন, আরিয়ান শ্রাবণ, রাফিউল ইসলাম রাব্বি, তানভীর, নাজমুল হাসান, রাতুল সিকদার ও আয়শা সিদ্দিকা মিন্নি। মামলার এজাহারভুক্ত আসামি মুসা বন্ড, মোহাইমিনুল ইসলাম সিফাত, রায়হান ও রিফাত হাওলাদারকে এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। প্রধান আসামি নয়ন বন্ড গত ২ জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। 

গত ২৬ জুন সকালে প্রকাশ্যে বরগুনা সরকারি কলেজ গেটের সামনে রিফাতকে কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় বরিশাল নেওয়ার পর তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে বরগুনা থানায় হত্যা মামলা করেন।

   

About

Popular Links

x