ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে অনেককেই উচ্চমানের প্রযুক্তি বলে মনে করছেন। তবে এ দলে নেই বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। এমনকি ইভিএম প্রযুক্তিকে নিম্নমানের বলেও অ্যাখ্যা দিয়েছেন তিনি।
রবিবার (১৩ মার্চ) বিকালে ঢাকার নির্বাচন ভবনে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইসির সংলাপে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন।
ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, “ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সম্পর্কে বলা হচ্ছে—এটা নাকি অনেক হাই লেভেলের টেকনোলজি৷ আসলে তা না। এটার টেকনোলজি খুবই লো লেভেলের। এখন তো অনেক হাইটেক জিনিসপত্র আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইভিএম নিয়ে প্রজেক্ট করে।”
তিনি আরও বলেন, “আপনারা যত ভালো কাজই করেন, গালি খেতেই হবে। গালি নিয়ে ভাববেন না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে যেন বলতে পারেন, আমি কাজটা ঠিকমতো করতে পেরেছি। এটা গুরুত্বপূর্ণ।”
প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ বলেন, “দেশের প্রায় ১ কোটি মানুষ বিদেশে থাকেন। তারাও দেশ নিয়ে ভাবেন। তারা কীভাবে ভোট দিতে পারে সেটা দেখতে হবে। ইদানিং দেখা যাচ্ছে অনেকের জাতীয় পরিচয়পত্রে ভুল হচ্ছে। এটার জন্য অনেকে অনেক টাকা খরচ করেও সমাধান পাচ্ছেন না। কমিশন এটা দেখলে ও সমস্যার সমাধান করলে একটা পজিটিভ ইমপ্রেশন পড়বে।”
এছাড়া, নিরপেক্ষতাকে ভয় পাওয়ার প্রসঙ্গে জাফর ইকবাল বলেন, “আমি স্বপ্ন দেখি, একদিন এমন নির্বাচন হবে যেখানে জয়ী দল এবং হারা দল-দুটোই মুক্তিযুদ্ধের পক্ষের হবে।”



