দুর্নীতির মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৬ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।
মঙ্গলবার এ আবেদনের ওপর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দের বেঞ্চে শুনানি হবে।
দুদকের আইনজীবী খুরশিদ আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ১১ মে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় তিন শর্তে জামিন পান সম্রাট। ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ জামিন মঞ্জুর করেন।
শর্তগুলো হলো- আদালতের অনুমতি ছাড়া দেশ ত্যাগ করতে পারবেন না সম্রাট, পাসপোর্ট জমা দিতে হবে এবং স্বাস্থ্যগত পরীক্ষার প্রতিবেদন আগামী ধার্য তারিখে জমা দিতে হবে।
- বিএসএমএমইউ পরিচালক: সম্রাটের উন্নত চিকিৎসা প্রয়োজন
- সব মামলায় জামিন পেলেন বহিষ্কৃত যুবলীগ নেতা সম্রাট, মুক্তিতে বাধা নেই
উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামে থেকে ইসমাইল চৌধুরী সম্রাটকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
২০১৯ সালের ১২ নভেম্বর দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করেছিলেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র ও অর্থ পাচারের দুই মামলা এবং একটি মাদক মামলাও হয়।
মোট চার মামলায় জামিন পেয়ে গত ১১ মে কারামুক্ত হয়েছেন সম্রাট।তবে অসুস্থ থাকায় এখনও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।



