Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

নর্থ সাউথের অর্থ পাচার মামলার আসামি আমিন হিলালী নিখোঁজ, দাবি পরিবারের

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৩০৪ কোটি টাকা পাচার মামলার ৬ নম্বর আসামি আমিন মো. হিলালী

আপডেট : ০২ জুলাই ২০২২, ০৮:১৯ পিএম

আশালয় হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৩০৪ কোটি টাকা পাচার মামলার আসামি আমিন মো. হিলালী রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হয়েছেন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।

আমিন মো. হিলালীর ছোট ভাই রফিকুল ইসলাম হিলালী দাবি দাবি করেন, শুক্রবার (১ জুলাই) রাত ৮টার দিকে উত্তরার ১০ নম্বর সেক্টরের বাসা থেকে বের হয়ে আমিন হিলালী। এরপর পরিবারের সদস্যরা তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি।

এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রফিকুল ইসলাম হিলালী। আমিন মো. হিলালী “রহস্যজনকভাবে” নিখোঁজ হন বলে জিডিতে উল্লেখ করেছেন তিনি।

রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “আমিন হিলালী শুক্রবার রাত ৮টার দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরে তার বাসা থেকে ১৩ নম্বর সেক্টরের অফিসে যাওয়ার জন্য বের হন। বাসা থেকে বের হওয়ার পর তিনি তার গাড়িচালক জামাল উদ্দিনকে বলেন, অফিসের দিকে যাবেন এবং ১৫ মিনিট পর যোগাযোগ করতে বলেন। এর ৯ মিনিট পর ১২ নম্বর সেক্টরে অবস্থানের সময় তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।”

তিনি আরও জানান, র‌্যাব, ডিবি, পিবিআই ও দুদকের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন। সবাই তাকে জানিয়েছেন, তারা আমিন হিলালীকে গ্রেপ্তার করেননি।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. আখতারুজ্জামান ইলিয়াস সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “এ ঘটনায় আমিন মো. হিলালীর ভাই জিডি করেছেন। তার অবস্থানের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

উল্লেখ্য, আমিন মো. হিলালী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি ক্রয়সংক্রান্ত অর্থ আত্মসাৎ মামলার আসামি। ক্যাম্পাসের জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাতের অভিযোগে দুদক গত ৫ মে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে। এ মামলায় আমিন মো. হিলালী ৬ নম্বর আসামি।

মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯/৪২০/১৬১/১৬৫ক ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২)(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

   

About

Popular Links

x