বর্তমানে বাংলাদেশে সনাক্ত হওয়া এইচআইভি রোগীর সংখ্যা ৯,৭০৮ জন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এদের মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ৬,০৭৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ১,৮২০ জন।
বুধবার (২১ জুন) চট্টগ্রাম-৪ আসনের (সীতাকুণ্ড এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড ৯ ও ১০) সংসদ সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এইচআইভি রোগীর চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমানে ১১টি সরকারি হাসপাতাল থেকে এইচআইভি রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হচ্ছে। ২৩টি সরকারি হাসপাতালে বিনামূল্যে এইচআইভি পরীক্ষা করা হচ্ছে।”
এছাড়া আটটি এনজিও প্রতিষ্ঠান থেকে ড্রাগ ইউজারদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়। সরকারি ও বেসরকারি মিলে ১৩৪টি ড্রপ-ইন-সেন্টার থেকে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি প্রতিরোধমূলক সেবা দেওয়া হচ্ছে বলে মন্ত্রী জানান।



