কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্থানীয় সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিনকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ক্ষমতাসীন আওয়ামী লীগের কুমিল্লা-৬ আসনের এই সংসদ সদস্যকে ইসি থেকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।
বুধবার (৮ জুন) চিঠি পাঠানো হয় বলে জানিয়েছেন ইসির যুগ্মসচিব জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান।
আগামী ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন আচরণবিধি অনুযায়ী, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নির্বাচনী এলাকায় প্রচারণায় বা নির্বাচনী কাজে অংশ নিতে পারেন না। সংসদ সদস্যরাও সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে চিহ্নিত। আচরণবিধি অনুযায়ী, সংসদ সদস্য সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার হলে শুধু ভোট দিতেই নির্ধারিত কেন্দ্রে যাবেন এবং ভোট শেষে ভোটকেন্দ্র ত্যাগ করবেন।
ইসিতে বাহারের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছিলেন কুসিক নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বাহার শুরুতেই আচরণবিধি লঙ্ঘন করে কুমিল্লায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে সভায় অংশ নিলে তাকে সতর্ক করে চিঠি দিয়েছিল ইসি।
এরপর মঙ্গলবার সাক্কু অভিযোগ করেন, বাহার নির্বাচনী এলাকায় অবস্থান করে মহানগর দলীয় কার্যালয়সহ বিভিন্ন জায়গায় মহানগর ও আদর্শ সদর উপজেলার নেতাকর্মীদের একত্রিত করে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন। এছাড়া পাশের সদর দক্ষিণ ও লালমাই উপজেলার নেতাকর্মীদের নিয়ে যাচ্ছেন বিভিন্ন ভোটকেন্দ্রে, দিচ্ছেন নানা নির্দেশনা।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোটের ছয় দিন আগে বাহারকে এলাকা ছাড়তে নির্দেশ দিলো ইসি।



