Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

শিক্ষামন্ত্রী: নির্বাচন নিয়ে কে এসে কী বলে গেলেন সেটি বড় বিষয় নয়

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের সংবিধান আছে। যথাসময়ে, যথানিয়মে আইন-কানুন মেনে অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে’

আপডেট : ১৪ জুলাই ২০২৩, ০৬:৫৭ পিএম

সম্প্রতি বাংলাদেশ সফর করা কয়েকটি রাষ্ট্রের প্রতিনিধি দলের দেওয়া বক্তব্য প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, “আমাদের বন্ধু রাষ্ট্রের নানান মত থাকতে পারে। তবে কে এসে কী বলে গেলেন, সেটা বড় বিষয় নয়। তবে তাদের মধ্যে কোথাও ভিন্ন কোনো মত দেখছি না। সবাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষেই কথা বলছেন।”

শুক্রবার (১৪ জুলাই) দুপুরে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষমেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী আরও বলেন, “আমরা মনে করছি না যে, আমাদের নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা আছে। প্রতিটি দেশ নিজস্ব আইন অনুযায়ী নির্বাচন করে। যারা আমাদের এখানে এসে দেখা করছেন, তাদের দেশেও একইভাবে হয়। আমাদের সংবিধান আছে, সুষ্ঠুভাবে নির্বাচন করার সব ব্যবস্থা আছে। যথাসময়ে, যথানিয়মে আইন-কানুন মেনে অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে।”

শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, “আগামী ৪ বছর পর শিক্ষার সমগ্রিক মানোন্নয়ন দৃশ্যমান হবে। অর্থাৎ প্রাক-প্রাথমিক পর্যায় থেকে উচ্চ পর্যায়ের শিক্ষায় তা দেখা যাবে। শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমে শিখছে, দক্ষতায় বিরাট এক পরিবর্তন এসেছে, তা এখনই দৃশ্যমান।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা বন বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম।

   

About

Popular Links

x